সাতক্ষীরা মাদকের সর্গরাজ্য
আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার প্রতিটি উপজেলার বাজার ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের দাপট চরম আকারে বৃদ্ধি পেয়েছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় প্রতিনিয়ত দিন ও রাতে চুরির ঘটনা ঘটছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোমরা , কাকডাঙ্গা সীমান্তে,কুলিয়া ,বহেরা বাজার, খানজিয়া এবং এর আশপাশের বেশ কয়েকটি পয়েন্টে দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। দিন-রাত সমানতালে চলছে মাদক বেচাকেনা ও সেবন। উঠতি বয়সের যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এই মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে। আর এই মাদকের টাকা জোগাড় করতেই মাদকসেবীরা বেছে নিয়েছে চুরির পথ।
ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুলিয়া বাজার এলাকায় এখন কোনো কিছুই নিরাপদ নয়। সুযোগ পেলেই দোকানের তালা ভেঙে, স্থানীয় বাড়ি ঘরের জানালা দিয়ে মোবাইল ফোন, নগদ টাকা, বাইসাইকেল, দোকানের মালামাল এমনকি বাসাবাড়ির হাঁস-মুরগি, ছাগল সহ গাছের ফল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। শুধু রাতের আঁধারেই নয়, দিনের বেলাতেও মানুষ একটু অসতর্ক হলেই ঘটে যাচ্ছে চুরির ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের এই সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে, তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। প্রতিবাদ করলে উল্টো নানাভাবে হুমকি-ধমকি ও হেনস্তার শিকার হতে হয়। ফলে অনেকেই ক্ষয়ক্ষতি সহ্য করেও মুখ বুজে থাকছেন।
স্হানিয় ব্যবসায়ীরা জানান, প্রতিনিয়ত চুরির ঘটনা বাড়ায় তারা এখন ব্যবসায়িক নিরাপত্তা নিয়ে চরম সংশয়ে আছেন। বাজারে নৈশপ্রহরী থাকলেও চোরের উপদ্রব কমানো যাচ্ছে না। মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ না হলে এই চুরির সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে মনে করছে।

