নতুন রূপে  সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র 

আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ
শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ‘রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র’, যা স্থানীয়ভাবে ‘মিনি সুন্দরবন’ নামেও পরিচিত। পর্যটকদের সুবিধার্থে এখানে সড়কপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি, পর্যাপ্ত বসার স্থান, বিশ্রাম কক্ষ, সেমিনার রুম, রান্নার জায়গা এবং ইন্টারনেট সুবিধাসহ নানা আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার শিবনগর মৌজায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতী নদীর তীরে প্রায় ১৫০ একর জমিজুড়ে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। মূলত নদীর ভাঙন রোধে চরের জমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ম্যানগ্রোভ বনটি গড়ে তোলা হয়েছিল। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে, যা থেকে একদিকে যেমন সরকারি রাজস্ব আয় হচ্ছে, তেমনি স্থানীয়দের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।
পর্যটন কেন্দ্রটিতে সারা বছরই জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পারিবারিক উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়। সুন্দরবনের আদলে গড়ে তোলা এই বনে কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী ও হরকচাসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষ রয়েছে।

বনের পাশেই প্রায় ১০ একর জায়গাজুড়ে রয়েছে মনোরম ‘অনামিকা লেক’, যেখানে দর্শনার্থীদের জন্য শান বাঁধানো ঘাট ও বসার স্থান তৈরি করা হয়েছে। পুরো বন ঘুরে দেখার জন্য ভেতরে রয়েছে ট্রেইল ব্যবস্থা এবং লেকে নৌভ্রমণের জন্য বোটের সুবিধা। এছাড়া পর্যটকদের বাড়তি আনন্দের জন্য ঘোড়ায় চড়া, শিশুদের বিভিন্ন রাইড এবং ইঞ্জিনচালিত ট্রলারে চড়ে বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট ঘুরে দেখার সুযোগ রয়েছে। রাত্রিযাপনের সুব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *