মঠবাড়িয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার; এখনও গ্রেপ্তার হয়নি কেউ
রুহুল আমিন ব্যুরো প্রদান:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) বিকেলে পৌরসভার আরামবাগনগর এলাকার একটি ভবন থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বাসার তালাবদ্ধ কক্ষ তল্লাশি করে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো পলিথিন ও কস্টেপ মোড়ানো অবস্থায় ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে এগুলো বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মাদকগুলো কোথা থেকে এসেছে, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে এত বড় চালান সেখানে পৌঁছেছে—এসব বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা মনে করছেন, এলাকায় এ ধরনের বড় মাদক চক্র সক্রিয় থাকতে পারে। বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, “উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো মূল্যে মাদক ব্যবসা নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
