সাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে আসামিদের সংবাদ সম্মেলন
আবু সাঈদ ভ্রাম্যমান প্রতিনিধি সাতক্ষীরা : সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলা, আসামিদের প্রকাশ্যে ঘোরাফেরা এবং চাপ এড়াতে আসামিরসংবাদ সম্মেলনের আয়োজন- এই তিনটি বিষয়কে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সাতক্ষীরা শহরে সদর দলিল লেখক সমিতির ব্যানারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সমিতির নেতারা তাদের সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
তবে সাংবাদিক মহলের অভিযোগ, এনটিভির সাংবাদিক এস. এম. জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলার ঘটনায় দায় এড়াতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান। বক্তব্যে গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘটে যাওয়া ঘটনার জন্য সাংবাদিক জিন্নাহকে দায়ী করা হয় এবং তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
তবে ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের দাবি, নির্ধারিত ‘সিন্ডিকেট’-এর বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করতে গেলে সাংবাদিক জিন্নাহ ও জমির মালিকের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে।
সাংবাদিকদের অভিযোগ, মামলার আসামি হয়েও দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুবউল্লাহ জামিন ছাড়াই প্রকাশ্যে সাব-রেজিস্ট্রি অফিসে ঘোরাফেরা করছেন এবং কার্যক্রম পরিচালনা করছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে, সংবাদ সম্মেলনের ব্যানারে ‘সংবাদ’ শব্দটি ভুল করে ‘সাংবাদ’ লেখা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এর আগে একই ঘটনায় রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
সংশ্লিষ্ট ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মামলা ও কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীনুর রহমান বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি তাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

