সংসদ সদস্য নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়ী সদস্যদের মতবিনিময় সভা

দৈনিক সত্যছায়া ডেক্সঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সদ্য বিজয়ী সংসদ সদস্যদের অংশগ্রহণে রাজধানী ঢাকাস্থ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মুহাদ্দিস রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তিবর্গের পাশাপাশি সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এছাড়া এলাকার উন্নয়ন কার্যক্রমের দিকনির্দেশনা, সামাজিক অগ্রগতি এবং বিভিন্ন ঐতিহাসিক বিষয় নিয়েও আলোচনা হয়। সভায় বক্তব্যকালে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনবান্ধব ও টেকসই উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, তার এলাকার কিছু অসমাপ্ত উন্নয়নমূলক কাজ রয়েছে, যেগুলোর উদ্বোধন পূর্বে করা হলেও এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। তিনি জানান, এসব কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি এলাকার প্রধান সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। মতবিনিময় সভা শেষে দোয়ার আয়োজন করা হয়। পরবর্তীতে নবনির্বাচিত সংসদ সদস্যরা সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *