খেয়ামাঝি শেখ গফুরের স্মরণে পাতাখালী লঞ্চঘাটে পাঠাগারের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: খেয়ামাঝি শেখ গফুরের স্মরণে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী লঞ্চঘাটে একটি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের পাঠাভ্যাস গড়ে তোলা এবং নদীপাড়ে অপেক্ষমাণ মানুষদের জন্য জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কপোতাক্ষ নদ তীরবর্তী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে লাইব্রেরিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কয়রা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মুহতারাম বিল্লাহ। নদীর পাড়ের মনোরম পরিবেশে অবসর সময় কাটাতে আসা স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জন্য পাঠাগারটি উন্মুক্ত রাখা হয়েছে। উদ্যোক্তারা জানান, লঞ্চঘাটে যাত্রীদের অপেক্ষার সময় কিংবা বিকেলের আড্ডার ফাঁকে বই পড়ার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নদীপাড়কে ঘিরে একটি ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল অ্যাকশন ফর ইয়ুথ অ্যালাইন্সের সভাপতি এস এম শাহিন আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংগঠনটির উদ্যোগেই লাইব্রেরিটি স্থাপন করা হয়েছে। উদ্যোক্তারা আরও জানান, শেখ গফুর ছিলেন এলাকার সুপরিচিত ও পরোপকারী খেয়ামাঝি। প্রতিকূল আবহাওয়া, ঝড়-তুফান উপেক্ষা করে তিনি নিয়মিত মানুষকে নদী পারাপারে সহায়তা করতেন। তাঁর মানবিকতা, আন্তরিকতা ও হাস্যোজ্জ্বল আচরণ স্থানীয়দের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়। গত বছর স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নদীপাড়ে এই পাঠাগার প্রতিষ্ঠা করার পরিকল্পনা করা হয়, যা আজ বাস্তব হলো। স্থানীয়দের বিশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে ঘাটকেন্দ্রিক সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি পাবে এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ ও জ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *